ঢাকার সাভারে অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রাক চোরচক্রের মূলহোতা শাহ আলম (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তার হেফাজত হতে দুটি চুরাইকৃত ট্রাক উদ্ধার করা হয়।
বুধবার (৮ মার্চ) দুপুর সোয়া ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে সোমবার (৬ মার্চ) সাভার থানাধীন বলিয়ারপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত শাহ আলম (৪০) ঢাকা জেলার বাসিন্দা বলে জানা যায়। তবে তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
র্যাব জানায়, গত ৭ ফেব্রুয়ারী ভোরে বাগেরহাট জেলার রামপাল থানাধীন ভরসাপুর বাস স্ট্যান্ড হতে মোঃ আলতাফ হোসেনের মালিকানাধীন দুটি ড্রাম ট্রাক চুরি হয় এবং পরবর্তীতে কোনো সন্ধান না পেয়ে সংশ্লিষ্ট থানায় একটি চুরি মামলা দায়ের করে। এ প্রেক্ষিতে র্যাব-৪ চোরাইমাল উদ্ধার ও অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করলে প্রাথমিকভাবে জানা যায় যে, চুরাইকৃত ড্রাম ট্রাক দুটি আন্তঃজেলা চোরচক্রের প্রধান মোঃ শাহ আলম চোর তার একাধিক সহযোগীর সহায়তায় চুরি করে সাভারের বলিয়ারপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে, ৬ মার্চ র্যাব-৪ এর একটি আভিযানিক দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে বলিয়ারপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের মূলহোতা শাহ আলম (৪০) কে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে চুরাইকৃত ট্রাক দুইটি উদ্ধার করতে সমর্থ হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।