সাভার ও ধামরাইয়ের পৃথক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে রোববার (১৭ মে) বিকেলে ধামরাইয়ের শরীফবাগ ও রাতে সাভারের চাপড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার উত্তর বাহেরচর এলাকার মৃত আঃ আজিজ খানের ছেলে মোঃ ফয়সাল খান (২৯) ও একই থানার বড়ইকান্দি খালপাড় এলাকার মোঃ আঃ খালেক চিশতীর ছেলে মোঃ জাহিদ হাসান অনিক (২৪)। এছাড়াও ঢাকার ধামরাই থানার গোতৈল এলাকার মোঃ ইলিয়াস এলেছের ছেলে মিজানুর রহমান (২১)।
ডিবি পুলিশ জানায়, রোববার রাত সোয়া ১১টার দিকে সাভার মডেল থানার চাপড়া এলাকায় পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মোঃ ফয়সাল খান ও মোঃ জাহিদ হাসান অনিক নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি আভিযানিক দল।
এরআগে একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে ধামরাই থানার শরীফবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ মিজানুর রহমান নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।