সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে আমিনবাজার এলাকায় বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা ঠিক করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে ওই বৃদ্ধ ও রিকশাকে ধাক্কা দেয়। বিষয়টি দেখে কাছেই থাকা পুলিশ সদস্য আলতাফ হোসেন এগিয়ে যান ও প্রাইভেটকারে থাকা লোকজনের এমন বেপরোয়া আচরণ ও বৃদ্ধকে আঘাত করার প্রতিবাদ জানান। প্রতিবাদ করার একপর্যায়ে প্রাইভেটকারে থাকা ৪-৫ জন যুবক আলতাফ হোসেনের ওপর চড়াও হয়। পরে আরও লোক নিয়ে এসে তাকে বেধড়ক পেটাতে থাকে। তাদের হামলায় তিনি গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এক এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।