ঢাকার সাভারে বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাফ ও ওয়াকিটকিসহ আব্দুল হাকিম ওরফে ‘হাইক্কা ডাকাত’(৫০) নামের এক শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মিরপুরের র্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।
এর আগে গত রোববার রাতে সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পেরে হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার এড়াতে হাইক্কা ডাকাত ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। ছাদ থেকে লাফ দেওয়ায় তিনি আহত হন। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২টি ম্যাগজিন, ২ রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত ২টি হ্যান্ডকাফ ও ১টি ওয়াকিটকি জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে এবং একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। টাঙ্গাইলের একটি ডাকাতি মামলায় ১৩ মাস কারাভোগের পর মাত্র ২৩ দিন আগে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও এই অপরাধ জগতে ফিরে আসেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের প্রধান। তার নেতৃত্বে এই চক্রটি দেশের বিভিন্ন জেলায় ভুয়া ডিবি পুলিশ ও র্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
এ বিষয়ে র্যাব-৪ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম জানান, এই চক্রের অন্যান্য সদস্য ও সহযোগীদের আইনের আওতায় আনতে র্যাব নিবিড়ভাবে কাজ করছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।