আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে ও সারা দেশে চালানো নৈরাজ্যের প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেল শোডাউন করেছে বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের আশুলিয়া শাখা। এ সময় তাদের সঙ্গে শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার ফল আড়তের সামনে থেকে মোটরসাইকেল শোডাউনটি বের করা হয়। পরে সেটি নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে চন্দ্রার দিকে যায়। এ সময় বাইপাইল, বলিভদ্র ও শ্রীপুর ঘুরে আবার নবীনগরের দিকে যাত্রা শুরু করে। পরে বাইপাইল হয়ে ইউনিক ঘুরে বাইপাইল এলাকার ফল আড়তের সামনে এসে শেষ করা হয়। এ সময় সেখানে তারা একটি সংক্ষিপ্ত পথসভা করেন।
এ সময় তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে আমরা সড়কে অবস্থান করছি, যাতে তারা সর্বসাধারণের জানমালের কোনো ক্ষতি করতে না পারে। সর্বসাধারণের নিরাপত্তায় আমরা শ্রমিকরা আছি, থাকব ইনশাআল্লাহ।
এ সময় আশুলিয়া থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, এই সন্ত্রাসীদের নৈরাজ্য প্রতিহত করার জন্য আমরা মোটরসাইকেল শোডাউন করেছি। আপনারা জানেন আমরা রাতেও এখানে ছিলাম। ওদের যেকোনো নৈরাজ্য ঠেকানোর জন্য আমরা শ্রমিকরা মাঠে আছি, থাকব।
ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন বলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের নির্দেশে আমাদের শ্রমিক দল মাঠে আছে, থাকবে ইনশাআল্লাহ। ১৬ ডিসেম্বরের আগ পর্যন্ত যেকোনো নৈরাজ্য আমরা প্রতিরোধ করব।
আশুলিয়া থানা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, জুলাই-আগস্টে আমার ভাইয়ের রক্তে রঞ্জিত রাজপথ। এখনো রক্তের দাগ শুকায়নি। ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতের রক্তের গন্ধ এখনো শুকায় নাই। দেশবাসীর গণতন্ত্রের গলা চেপে ধরেছিল এই আওয়ামী লীগ। সেই গণতান্ত্রিক জনগণের কাছে ফিরে আসতে হলে আইনের আশ্রয় নিয়ে, পায়ে ধরে, ক্ষমা চেয়ে তাদেরকে আসতে হবে। নতুবা এই বাংলার মাটিতে তাদের কখনো ঠাঁই হবে না।
বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের আশুলিয়া শাখার সভাপতি ইয়াসিন মীর বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ আজকে যে লকডাউন ডেকেছে, তার প্রতিবাদে আমরা আজকে মোটরসাইকেল শোডাউন করেছি। আগামীতে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যতদিন নৈরাজ্য সৃষ্টি করবে, তার প্রতিবাদে আমরা শ্রমিকরা বাংলাদেশ আন্তঃজেলার পক্ষ থেকে সবাই সোচ্চার থাকব এবং তাদের প্রতিহত করব।
এ সময় ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সদস্য তোফাজ্জল হোসেনসহ শ্রমিক দল ও বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।