ঢাকার আশুলিয়ায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে ও সারাদেশে চালানো নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে আশুলিয়া থানা বিএনপি। “ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউনটি করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার গণকবাড়ী এলাকার হাশেম প্লাজার সামনে থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়। পরে সেটি নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে চন্দ্রার দিকে যায়। এ সময় বলিভদ্র, চক্রবর্তী, জিরানী ও বাড়াইপাড়া হয়ে আবার নবীনগরের দিকে যাত্রা শুরু করে। পরে বাইপাইল, পলাশবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকা ঘুরে হাশেম প্লাজার সামনে এসে শেষ করেন। এ সময় সেখানে তারা একটি সংক্ষিপ্ত পথসভা করেন।
এ সময় তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের তথাকথিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে আমরা সড়কে অবস্থান করছি, যাতে তারা সর্বসাধারণের জানমালের কোনো ক্ষতি করতে না পারে। সর্বসাধারণের নিরাপত্তায় আমরা সব সময় আছি, থাকব ইনশাআল্লাহ।
এ সময় কৃষক দলের সদস্য সচিব ও ধামসোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আবুল হোসেন মুন্সি বলেন, আমি আশুলিয়া থানা কৃষক দলের পক্ষ থেকে হুঁশিয়ারি দিতে চাই, আশুলিয়া-সাভারে কোনো অগ্নি-সন্ত্রাস চলবে না। কোনো রকম ছাড় আমরা বিএনপির পক্ষ থেকে দেব না, কৃষক দলের পক্ষ থেকে দেব না। বিএনপির যেকোনো কর্মসূচিতে কৃষক দল বিএনপির পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।
ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি ও ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন বলেন, সন্ত্রাসী আওয়ামী লীগ আজকে যেখানেই বাধা সৃষ্টি করবে, সেখানেই আমরা প্রতিরোধ গড়ে তুলব। যেখানেই সন্ত্রাস করবে, সেখানেই বিএনপির নেতাকর্মীদের নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।
এ সময় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়া বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তথাকথিত লকডাউন দিয়েছে। সেই লকডাউনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাঠে আছে, মাঠে থাকবে এবং তাদের যেকোনো নৈরাজ্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব ইনশাআল্লাহ।
সড়কের গাড়ি চলাচল নিয়ে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি যে, লকডাউনের মধ্যে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে, কোনো সমস্যা নেই। আমরা রাজপথে আছি, মানুষের জানমাল রক্ষার্থে যেকোনো কর্মসূচি নিতে প্রস্তুত আছি।
শ্রমিক আন্দোলনের মধ্যে গাড়ি ভাঙচুর ও কারখানা ভাঙচুরের ঘটনায় বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার। শ্রমিকরা কোনোদিন গার্মেন্টস এবং গাড়ি ভাঙচুর করে না। এ সমস্ত কাজ আওয়ামী লীগের। তাদের লোকজন শ্রমিকদের মাঝে ঢুকে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে। আমরা রাজপথে আছি, আমরা তাদের বিশৃঙ্খলা প্রতিরোধ করব ইনশাআল্লাহ।
এ সময় আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব খান ও ছাত্রদল নেতা রবিউল আলম সায়েমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।