ধামরাইয়ে শুকুর আলী (৫৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার বাইশাক্ন্দা ইউনিয়নের কাছৈর গ্রামের বাঁশঝাড়ের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শুকুর আলী (৫৭) উপজেলার কাছৈর গ্রামের রুস্তম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯ টার দিকে মাছ ধরতে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আর ফিরে আসেননি। পরবর্তীতে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি।
আজ সকালে বাঁশঝাড়ের পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পিত ভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।