সাভার ও ধামরাইয়ের পৃথক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা থেকে শুক্রবার (১৫ মে) ভোররাত পর্যন্ত সাভার ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সাভার মডেল থানার চাপড়া এলাকার মোঃ সাহাবুদ্দিনের ছেলে মোঃ আল-আমিন (২২) ও একই এলাকার মোঃ সাহাবুদ্দিনের স্ত্রী নারগিস (৪০)। এছাড়া ধামরাই থানার বাটারাখুলা গুচ্ছগ্রাম এলাকার মোঃ হাসান হোসেনের ছেলে মোঃ অন্তর (২৭) ও একই থানার শ্রীরামপুর মধ্যপাড়া এলাকার মোকসেদ আলমের ছেলে সুরুজ আহমেদ সবুজ (২৮)।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাভার মডেল থানার চাপড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ আল-আমিন ও নারগিস নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, শুক্রবার ভোররাত সোয়া ৪টার দিকে ধামরাইয়ের বেলীশ্বর এলাকায় পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ অন্তর ও সুরুজ আহমেদ সবুজ নামের আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের আরেকটি দল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সুরুজ আহমেদ সবুজের বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।