আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য নির্বাচনী আসন ঢাকা-১৭-এ নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন করা হয়েছে।
শিক্ষার্থী, সামাজিক সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে ১১৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্বাক্ষরিত এক পত্রে এই উপকমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই উপকমিটিতে শওকত আজিজকে আহ্বায়ক, আব্দুল্লাহ আল জোবায়েরকে সমন্বয়ক এবং সাইদুল বাসার শোয়েবকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মো. আবির মিনহাজ ও ব্যারিস্টার আকিব আকবর চৌধুরী।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আইনজীবী মো. জিসান গোলজার, আইনুন নিশাত, রেজাউল হোসেন অনিক, জামাল হোসেন তুয়েল ও মাহমুদা আক্তার লাকি প্রমুখ।
কমিটির নেতৃবৃন্দ জানান, আসন্ন নির্বাচনে আধুনিক, সময়োপযোগী ও জনসম্পৃক্ত পরিকল্পনার মাধ্যমে প্রচারণা পরিচালনা করা তাদের মূল লক্ষ্য। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ক্যাম্পেইন এবং পেশাজীবী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কাজ করবে এই কমিটি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের সম্ভাব্য নির্বাচনী আসন হিসেবে পরিচিত অভিজাত এলাকা গুলশান-বনানী ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে এই বৃহৎ ও বহুমাত্রিক কমিটি গঠনের মধ্য দিয়ে বিএনপি একটি শক্তিশালী ও আধুনিক নির্বাচনী প্রস্তুতির বার্তা দিল। দীর্ঘদিনের ভোটাধিকার হরণের বিরুদ্ধে আন্দোলনরত জনগণের প্রত্যাশা পূরণে এই কমিটি সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।