ধামরাই

অনিশ্চয়তায় শাকিব খানের ‘প্রিন্স’

আগের সংবাদ

গোবিন্দগঞ্জ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের মূল হোতা গ্রেপ্তার

পরের সংবাদ

সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিহত

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৮:১৩ অপরাহ্ণ, ২৩/১১/২৫

ঢাকার ধামরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল আলম মারা গেছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) সকাল ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আখতার উল আলম টাঙ্গাইলের ধনবাড়ির বাসিন্দা। তিনি ধামরাইয়ের মান্নান কলেজ এলাকায় থাকতেন এবং গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

পুলিশ জানায়, সকালে উপজেলা আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেন তিনি। পথে ভাড়ারিয়া এলাকায় অন্য একটি রিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আখতার উল আলম ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে শিক্ষক আখতার উল আলমের মৃত্যু হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে শিক্ষক নিহত হয়েছেন। আহত মোটরসাইকেল আরোহীকে ঢাকা পুঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর পর্যন্ত নিহতের পরিবার কোনো অভিযোগ দায়ের করেননি।