ঢাকার সাভারে একটি চায়না কোম্পানির ডিপো থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
এর আগে বুধবার (৮ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- ভোলা জেলার লালমোহন থানার কাদিরাবাদ গ্রামের আবুল কালামের ছেলে শাহীন হাওলাদার (২৫), পটুয়াখালী জেলার গলাচিপা থানার চরবিশ্বাস এলাকার হানিফ খানের ছেলে মোঃ শিবলু (২৮), ভোলা জেলার সদর থানার আলগী এলাকার মোঃ রফিকের ছেলে মোঃ ইসমাইল (১৯), নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার পারাগ্রাম এলাকার মৃত আব্দুল সোবহানের ছেলে মোঃ আনিস (৪৫)। তারা সবাই সাভারের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো। এছাড়াও আরও দুইজন হচ্ছে সাভারের নিমাইরটেক এলাকার মৃত জমসরর আলীর ছেলে নুর ইসলাম (৪০) ও চুনারচর এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে মারুফ হোসেন রাতুল (১৯)।
ডিবি পুলিশ জানায়, গত ১১ ফেব্রুয়ারী রাতে চায়না ফাস্ট মেটালার্জিকাল গ্রুপ কোম্পানি লিমিটেডের একটি ডিপোতে থাকা ঢাকা ওয়াসার পানির মিটারসহ সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক ও ডিভিআর চুরির ঘটনা ঘটে। ঘটনার পরের দিন কোম্পানীর সিকিউরিটি কমান্ডার মোঃ আহসান হাবীব বাদি হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার পর চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চোরদের গ্রেপ্তার করতে কাজ শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেই ধারাবাহিকতায় গত ৮ তারিখ রাত্রে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩০ লক্ষ ৬৬ হাজার ৩৯৫ টাকা। এছাড়া মালামাল বিক্রয়ের নগদ ৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। সেই সাথে এই ঘটনার মূল রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা ও তদন্ত অব্যাহত আছে।