অবিলম্বে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষনা, মৌলিক অধিকার নিশ্চিত আসন্ন বাজেটে সংবিধান ও আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন ও বিধিমালা প্রণয়ণের দাবি জানিয়েছেন শ্রমিক সংগঠনসহ শ্রমিকরা।
শুক্রবার বিকেলে আশুলিয়া প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যাগে সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি খাইরুল মামুন মিন্টুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের ঢাকা মহানগরের সম্পাদক আসলাম খান, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাবেক সভাপতি ইদ্রিস আলীসহ প্রমূখ।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি খাইরুল মামুন
মিন্টু বলেন, শিল্পাঞ্চল আশুলিয়া হচ্ছে শ্রমিক আন্দোলনের সুতিকাগার। সারাদেশের শ্রমিকরা আশুলিয়ার দিকেই তাকিয়ে থাকেন। এর আগে প্রত্যেকটি মজুরি বৃদ্ধির আন্দোলনে এই অঞ্চলের শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবারও শ্রমিকদের ন্যূনতম ২০ হাজার টাকা মজুরি বৃদ্ধির আন্দোলনেও আশুলিয়ার শ্রমিকদেরকেই মূল ভুমিকা পালন করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, ২০০৬ সালে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার তারা নিশ্চিত করেছিল। ওই সময় শ্রমিকদের যে দুঃখ, দুর্দশা ছিলো এখনও তা বিরাজমান। বর্তমান পরিস্থিতিেম শ্রমিকদের মজুরি এখনও অনেক কম। ন্যূনতম ৮ হাজার টাকা মজুরিতে একজন শ্রমিককে কষ্ট করে জীবনধারণ করতে হচ্ছে। কারন দ্রব্য মূল্যের উর্ধগতির কারনে এই মজুরিতে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। তাই আগামী বাজেটে শ্রমিকদের জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষনা, রেশনিং, বাসস্থান, স্বাস্থ্য ও শিক্ষাসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করে সংবিধান ও আইএলও কনভেনশন অনুসারে শ্রম আইন ও বিধিমালা প্রণয়ন করতে হবে। নিজেদের অধিকার আদায়ে মে দিবসের আলোকে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।