সাভারে সাংবাদিককে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

আগের সংবাদ

ধামসোনা ইউপি নির্বাচন: আলেম সমাজের সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

নেছার উদ্দিন খাঁন

প্রকাশিত :৮:৩০ অপরাহ্ণ, ২৮/০৪/২৬

আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মুফতি আল আমীন খন্দকার আমীনীর সঞ্চালনায় সভায় স্থানীয় আলেম সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী। তিনি তাঁর বক্তব্যে সমাজের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য সৎ, দায়িত্বশীল ও নীতিবান জনপ্রতিনিধি নির্বাচনের ওপর জোর দেন। তিনি বলেন, নেতৃত্ব এমন ব্যক্তির হাতে দেওয়া উচিত যিনি নৈতিকতা সম্পন্ন এবং মানুষের কল্যাণে নিবেদিত।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে এলাকার রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আসছি।

হঠাৎ নির্বাচনে অংশ নেওয়ার কারণ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগত পর্যায় থেকে সমাজসেবা করতে গিয়ে বিভিন্ন সময় কিছু রাজনৈতিক নেতার দ্বারা বাধার সম্মুখীন হতে হয়েছে। জনপ্রতিনিধিত্ব ছাড়া প্রাতিষ্ঠানিকভাবে সাধারণ মানুষের বড় পরিসরে সেবা করা কঠিন। তাই মানুষের অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করতেই আমি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, এলাকাবাসী যদি আমাকে ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি এই ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রসার, জননিরাপত্তা এবং সামাজিক উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

এই বিভাগের সর্বশেষ