দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি আজ সকালে ৩৫তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিদায় জানিয়েছে। সদ্য এইচএসসি পরীক্ষার্থী এই ব্যাচ দীর্ঘ ৬–৯ বছরের প্রশিক্ষণপর্ব শেষ করে বিকেএসপিতে তাদের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় সমাপ্ত করেছে।
প্রশিক্ষণার্থীদের বিদায়কে স্মরণীয় করতে বিকেএসপি কর্তৃপক্ষ এক অভিনব আয়োজন করেছিল। কলেজ থেকে প্রধান ফটক পর্যন্ত রাস্তার দু’ধারে সারিবদ্ধভাবে উপস্থিত কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের ফুলের পাঁপড়ি ছুঁড়ে বিদায় জানান। বাদক দলের সুরের মূর্ছনা পরিবেশকে আরও আবেগঘন করে তোলে। প্রতিষ্ঠানের মহাপরিচালক সহ সকল কর্মকর্তা ও কর্মচারী অশ্রু ভেজা চোখে ব্যাচ’৩৫ এর প্রশিক্ষণার্থীদের বিদায় জানান।
এর আগে, গতকাল সন্ধ্যায় বিকেএসপি অডিও-ভিজ্যুয়াল সেন্টারে একটি বিশেষ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী প্রশিক্ষণার্থীদের রজনীগন্ধার ফুল দিয়ে স্বাগত জানান ক্ষুদে প্রশিক্ষণার্থীরা। স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন দুই প্রশিক্ষণার্থী ও শ্রেণি শিক্ষক। এছাড়া অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষপর্বে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম বিদায়ীদের উজ্জল ভবিষ্যতের জন্য উপদেশ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। পরে মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের সঙ্গে এক নৈশভোজে অংশ নেন। ৩৫ ব্যাচের প্রশিক্ষণার্থীরা বিকেএসপি’র এ আয়োজনে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়।