সাভারের আশুলিয়ায় গ্যাসের চুলা থেকে দুইটি টিনসেড বাড়িতে আগুন লেগে প্রায় ১২ টি কক্ষ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকার স্বপ্ন বিলাশ নামের একটি হাউজিং এর ভেতর দুইটি টিনসেড বাড়িতে এ আগুনের সূত্রপাত হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, নিরিবিলি স্বপ্ন বিলাসে এক বাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমাদের স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনা স্থলে যায়। অপর দিক থেকে ধামরাই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আসে৷ সম্মিলিত চেষ্টায় প্রায় ঘটনা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের ক্ষয়ক্ষতি ও সূত্রপাত ধামরাই ফায়ার স্ট্যাশন বলতে পারবে।
এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে দেখেছি সেখানে দু’টি টিনসেড ঘর ছিলো। দেখতে শ্রমিক কলোনির মতো। একটি টিন সেডে ৭ থেকে ৮টি কক্ষ ছিলো। সেই সেডের সব কক্ষ পুড়ে গেছে। অপর আরেকটি সেডের প্রায় চারটি কক্ষ পুড়ে গেছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।