ধামরাইয়ে ফার্মেসীতে অবৈধ ওষুধ মজুদের অভিযোগ তুলে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির চেষ্টাকালে রাসেল মিয়া নামে একজনকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
শনিবার রাতে ধামরাই পৌর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক রাসেল মিয়া (৪৮) নরসিংদী জেলার বেলাবো উপজেলার চর উল্লাবো এলাকার জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে ধামরাই পৌর বাজারে নাজিম মেডিকেল নামের একটি ফার্মেসিতে গিয়ে ফার্মেসী মালিক আব্দুল মজিদের কাছে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন রাসেল মিয়া। এসময় তার ব্যবহারে সন্দেহ হলে বাজারের অন্য ব্যবসায়ীদের সহযোগিতায় তাকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, আটক ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীর বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। রোববার তাকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।