নিজস্ব প্রতিবেদক, সাভার:
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার সঙ্গে দায়ী সবার সর্বোচ্চ বিচার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করেছে ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার (৮ অক্টোবর) সাভারের রানা প্লাজার সামনে আবরার হত্যার বিচারেে দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান বক্তারা।
সাভার উপজেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাবলু ইসলাম অর্ণবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি সাইফুল শাওন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে নির্যাতনের জেরে আবরারের মৃত্যুর ঘটনা বুয়েটের মতো প্রতিষ্ঠানের জন্য ন্যাক্কারজনক। আর এই ঘটনার পক্ষে সাফাই গেয়ে ও সিসিটিভি ফুটেজ গায়েব করে সেই এমন অপরাধের সঙ্গে শামিল হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনও।
এসময় হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক খালিদ রাব্বি (রেদোয়ান), দপ্তর সম্পাদক আরিয়ান আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।