সাভারে বিএনপি-যুবদলের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ককটেল ও দেশীয় অস্ত্র। বিএনপি ও যুবদল প্রায় ২০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে
বুধবার (৩১ আগস্ট) দুপুরে সাভার পৌরসভা এলাকায় ঢাকা জেলা যুবদলের নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে ঢাকা জেলা যুবদলের নেতা খোরশেদ আলম অনুমতি ছাড়া নিজ বাসভবনে যুবদল নেতা-কর্মীদের জমায়েত করেন এবং মিলাদ মাহফিলের আয়োজন করেন। এ সময় নিয়মিত টহল পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে দেখে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এরপর দফায় দফায় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ৩টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, অনুমতি না নিয়ে সমাবেশ করায় টহল পুলিশ সেখানে যায়। এ সময় তারা পুলিশের উপর আক্রমন করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পরে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধারসহ ১১ জনকে আটক করা হয়েছে।