সাভারে ছিনতাইকারীদের হাতে খুন হন মুস্তাফিজুর রহমান। গেল শনিবার ভোরে সিআরপি সড়ক থেকে মুস্তাফিজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মুস্তাফিজুর সাভারের একটি স্কুলে এডমিন পদে কর্মরত ছিলেন। তবে হত্যার ঘটনার দুই দিন পর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কেউ আটক আছে কি সে ব্যাপারে নিশ্চিত করেনি বাহিনীটি।
শনিবার (২৬ অক্টোবর) সকালে সাভার মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন নিহতের বাবা মজিবুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। তিনি সাভারের ডগরতলী এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত ২১ অক্টোবর ছুটিতে রাজশাহীর দুর্গাপুরে নিজ বাড়িতে যান মুস্তাফিজ। শুক্রবার রাত ১০ টার দিকে বাসে রওনা দিয়ে শনিবার ভোরে নামেন শিমুলতলা স্ট্যান্ডে। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারান মুস্তাফিজুর। পরে সিআরপি সড়ক থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। এঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।