ঢাকার সাভারে একটি হাউজিংয়ের জমি নিয়ে বিরোধের জের আবু সাঈদ নামে একজন নিহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি আভিযানিক দল।
সোমবার ভোর রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন মৃধাপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের বেড়াইদ এলাকার কালাম (৩৫) ও সোলেমান (৪৫)। তারা দুজনই মামলার এজাহারভুক্ত আসামি।
জানা যায়, গত ২২ অক্টোবর উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সেদিনই জাকির হোসেন নামে এক ব্যক্তিকে প্রধান আসামিসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, “গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।