বাংলাদেশ দলকে একাই ধসিয়ে দিলেন অভিষেক শর্মা। ব্যাটিং তাণ্ডব চালিয়ে দলকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন ভারতীয় এই তরুণ ওপেনার।
১১.১ ওভারে দলীয় ১১৪ রানে আউট হওয়ার আগে রীতিমতো তাণ্ডব চালান। মাত্র ৩৭ বলে ৬টি চার আর ৫টি ছক্কার সাহায্যে খেলেন ৭২ রানের ঝড়ো ইনিংস। তার ব্যাটিং তাণ্ডবে দিশেহারা ছিল টাইগাররা।
অবশ্য ইনিংসের প্রথম ৩ ওভারে ভারত ১৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। পরের তিন ওভারে ঝড় তোলেন দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। নাসুম আহমেদের করা চতুর্থ ওভারে ২১ রান আদায় করে ভারত। পঞ্চম ওভারে মোস্তাফিজ খরচ করেন ১৭ রান। ষষ্ঠ ওভারে সাইফউদ্দিনও ১৭ রান খরচ করেন।
পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে ৭২ রান স্কোর বোর্ডে জমা করে।
সপ্তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলে খরচ করেন ৪ রিশাদ হোসেন। দ্বিতীয় ডেলিভারি ওয়াইড দিয়ে পরের বলে শুভমান গিলের উইকেট তুলে নেন রিশাদ। তার আগে ১৯ বলে দুই চার আর এক ছক্কায় ২৯ রান করেন শুভমান গিল।
এরপর নমব ওভারে বোলিংয়ে এসে রিশাদ ফেরান নতুন ব্যাটসম্যান শিবম দুবেকে।
১১.১ ওভারে দলীয় ১১৪ রানে রান আউট হয়ে ফেরেন অভিষেক শর্মা। তার আগে মাত্র ৩৭ বলে ৬টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৫ রানের ইনিংস খেলেন অভিষেক শর্মা। তাকে রান আউটের ফাঁদে ফেলেন মোস্তাফিজ।
জিতলেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত। হারলে আগামীকাল পাকিস্তানকে হারাতে হবে। তবে টানা দুই ম্যাচে হারলে ফাইনালের আগে বিদায় নিতে হবে।
এমন কঠিন সমীকরণের ম্যাচে চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থাকায় তাকে আজ ঝুঁকি নিয়ে খেলায়নি টিম ম্যানেজমেন্ট।
শুধু লিটন কুমার দাসই নন, আজ দলে ৪টি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। দলে নেই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মাহেদী হাসান। তাদের পরিবর্তে দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।
বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ।