আশুলিয়ায় ইয়াবাসহ মোটর শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার!

আগের সংবাদ

আশুলিয়ায় ছিনতাই চক্রের সদস্য গ্রেপ্তার

পরের সংবাদ

বিকেএসপিতে খেলোয়াড় ভর্তির প্রাথমিক বাছাই সম্পন্ন

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৭:৪৮ অপরাহ্ণ, ১১/০১/২৬

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন খেলোয়াড় ভর্তির প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত শেষ ধাপের পরীক্ষার মধ্য দিয়ে রোববার দেশব্যাপী চলমান এ কার্যক্রমের সমাপ্তি ঘটে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান।

এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে বিকেএসপির দিনাজপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এবারের ভর্তি কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় সর্বশেষ ধাপে ঢাকা বিকেএসপিতে দুই দিনব্যাপী এই বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা আজ শেষ হলো।

ঢাকা কেন্দ্রের বাছাই পরীক্ষায় মোট ৩ হাজার ৮৭৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৬৮২ জন ফুটবলে, ১ হাজার ১৯৭ জন ক্রিকেটে এবং ১৯৫ জন ব্যাডমিন্টন খেলায় অংশ নেয়। এছাড়া অন্যান্য ক্রীড়া বিভাগে অংশ নিয়েছে আরও ৮০৩ জন পরীক্ষার্থী।

বিকেএসপি কর্তৃপক্ষ জানায়, তৃণমূলের প্রতিভাবান ও সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েদের সুযোগ করে দিতে এবার বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও বাছাই কার্যক্রম চালানো হয়েছে। অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায় ২১টি ক্রীড়া বিভাগে প্রায় ১০ হাজার ৫০০ জন আবেদন করেছিল।

চূড়ান্ত হিসেবে সারাদেশে সর্বমোট ১০ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। আসন খালি থাকা সাপেক্ষে এ বছর প্রায় ২৬০ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে ভর্তি করা হবে।

এ বিষয়ে বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করা হবে।