ঢাকার ধামরাইয়ে পৌরসভার ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় মো. ফরিদ আলী (২৩) নামে এক ভুয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে ধামরাই থানা পুলিশের অস্থায়ী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ফরিদ আলী ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার গাড়াবাড়ি এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় অস্থায়ী চেকপোস্টে পুলিশ একটি প্রাইভেটকারে তল্লাশি চালানোর সময় ফরিদ আলী নিজেকে এনএসআই সদস্য পরিচয় দেন। গাড়িতে তার ভগ্নিপতি (মিরপুর ক্যান্টনমেন্টের গাড়িচালক মো. আমিরুল ইসলাম) ও এক গাড়িচালকও সঙ্গে ছিলেন। তল্লাশির এক পর্যায়ে পুলিশের সঙ্গে অশালীন আচরণ করায় সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ফরিদ আলী নিজেই ভুয়া এনএসআই সদস্য বলে স্বীকার করেন।
পুলিশ জানান, তিনি ঝিনাইদহ কেশবচন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং তার এক আত্মীয় তাকে ভুয়া এনএসআই কার্ড তৈরি করে দিয়েছেন। এ ছাড়া তিনি নিজেকে জেলা এনএসআই মেহেরপুর কার্যালয়ের ওয়্যারলেস অপারেটর হিসেবেও দাবি করেন, যা যাচাই-বাছাইয়ে মিথ্যা প্রমাণিত হয়।
অপরদিকে, ধামরাই থানার পুলিশ এনএসআই প্রতিনিধিদের বিষয়টি জানালে তারাও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে যাচাই করেন। তাতে নিশ্চিত হওয়া যায় ফরিদ আলী এনএসআইয়ের কোনো সদস্য নন এবং উদ্ধার হওয়া পরিচয়পত্রটিও ভুয়া।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আটক ফরিদ আলীকে রাতেই থানায় আনা হয়। আজকে তাকে আদালতে পাঠানো হয়েছে। তবে গাড়িতে থাকা ভগ্নিপতি ও চালককে ছেড়ে দেওয়া হয়েছে।