আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় চাচা কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল হোসেন।
এর আগে সোমবার সকালে থানার পাশেই কাইচাবাড়ি এলাকার মনির হোসেনের ভাড়া বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে।
এঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোশাক শ্রমিক শাহিন ও তার স্ত্রী শিশুকন্যাকে নিয়ে মনির হোসেনের বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকুরি করেন। তিন দিন আগে ভোলা থেকে শাহিনের মামাতো ভাই রাসেল চাকরির খোঁজে তার বাসায় আসেন। সোমবার সকালে ৮ বছরের কন্যা শিশুকে বাসায় রেখে শাহিন ও তার স্ত্রী কারখানায় কাজ করতে গেলে ফাঁকা বাসায় একা পেয়ে চাচা রাসেল শিশুটিকে ধর্ষণ করে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল হোসেন বলেন, ধর্ষণের অভিযোগ পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।