আশুলিয়ার কাঠগড়া চালাবাজার এলাকায় রান্নাঘরে জমে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গৃহকর্তা মো. জাহাঙ্গীর আলম (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জাহাঙ্গীরের শরীরের ৯১ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক হওয়ায় তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল। এরপর রোববার মধ্য রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি আরও জানান, তার স্ত্রী বিউটি আক্তারের শরীরের ৩৩ শতাংশ এবং সন্তানের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া, তাদের শ্বাসনালীও মারাত্মকভাবে পুড়ে গেছে, যা তাদের অবস্থা আরও সংকটাপন্ন করে তুলেছে।
নিহত জাহাঙ্গীর জিরাবোতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র অপারেটর ছিলেন। তার স্ত্রী স্থানীয় জুতা ও ব্যাগ তৈরি কারখানায় চাকরি করেন। তাদের একমাত্র মেয়ে তাহা একটি মাদ্রাসায় পড়ে।