সাভারের ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান ঢাকা জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুল ইসলাম৷
এর আগে, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সাভার উপজেলার অন্তর্গত ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ৯ জন এবং স্বতন্ত্র ২ জন চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে বৃহস্পতিবার শপথ গ্রহনকালে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ছাড়া অন্য ১০ জনকে মুজিব কোট পরিহিত অবস্থায় দেখা যায়। নৌকা প্রতীকের বিপরীতে নির্বাচিত হয়েছেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সেলিম মন্ডল আনারস প্রতীকে এবং কাউন্দিয়া ইউনিয়ন পরিষদে সাইফুল আলম খান ঘোড়া প্রতীকে। এদের মধ্যে সেলিম মন্ডল সাভার উপজেলা যুবলীগের সভাপতি পদ থেকে বহিস্কৃত। সাইফুল আলম খান সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।