আশুলিয়ায় মাছ ধরতে গিয়ে বংশাই নদীতে ডুবে টুটুল শেখ (১৭) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের অফিসার মিরাজ। এর আগে দুপুরে ডগরতলী ইটখোলা এলাকায় বংশাই নদীতে মাছ ধরে নদী পাড় হওয়ার সময় নিখোজ হয় সে।
নিখোঁজ টুটুল শেখ আশুলিয়ার এনায়েতপুর বাঁশতলা এলাকার উজ্জ্বল শেখের ছেলে। সে আলহাজ্ব জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে লেখাপড়া করতো।
স্থানীয়রা জানান, দুপুরে চার বন্ধু মিলে বংশাই নদীর ডগরতলী ইটখোলা এলাকায় মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে সাঁতার দিয়ে ৪ জনই নদী পারাপার হচ্ছিলো। এসময় তিন জন নদীর পাড় হয়ে আসলেও নিখোঁজ হয় টুটুল শেখ। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ১ টি ইউনিট তাকে উদ্ধারে তল্লাশি চালায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের অফিসার মিরাজ জানায়, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। তাকে পাওয়া না গেলেও আলো স্বল্পতার কারনে রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। সকালে আবারও যথানিয়মে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।