সাভারে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ৫ দিন করে রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকার সিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলা সদর থানার বাবলাবনা গ্রামের মইনুল ইসলামের ছেলে রাজু আলী (৩৫) ও একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ আলী (২০)।
পুলিশ জানায়, ভুক্তভোগী ও অভিযুক্তদের অন্যের বাসায় কাজ করার সুবাদে পরিচয় হয়। সেই সুবাদে ভুক্তভোগী নারীকে অভিযুক্তরা তাদের ভাড়া বাসায় প্রায়ই বেড়াতে আসতে বলে । তবে কাজের চাপে তিনি আসতে পারেন নাই। শুক্রবার বন্ধের দিন হওয়ায় রাজু তাকে সাভারে বেড়াতে আসার জন্য জোর অনুরোধ করে। অনুরোধের এক পর্যায়ে তিনি রাজি হয়ে তাদের বাসায় আসেন। আসার কিছুক্ষণ পড়েই তাকে কুপ্রস্তাব দেন তারা। এতে রাজি না হওয়ায় দুপুরে তাকে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় চিৎকার করার চেষ্টা করলে রাজু ধারালো ব্লেড দিয়ে গলায় রক্তাক্ত জখম করে। পরে রক্ত দেখে অভিযুক্তদের ধাক্কা দিয়ে চিৎকার করে ঘর থেকে বাহির হয়ে যান অভিযোগকারীনী। এসময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। এই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।