নিজস্ব প্রতিবেদক, সাভার:
সাভারে সড়ক দুর্ঘটনায় মুসলিম উদ্দিন (৬২) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত ঘাতক বাস ও বাস চালকে আটক করতে পারেনি পুলিশ।
সোমবার (২৪জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুসলিম উদ্দিন রংপুর জেলার বিষ্ণবিপুরের স্থায়ী বাসিন্দা। তিনি আনলিমা পোশাক কারখানায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর ইকবাল জানান, সকালে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত ঘাতক বাস ও বাসের চালককে আটক করার চেষ্টা চলছে বলেও জানান পুলিশ।