আশুলিয়ায় তিন মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:৩৩ অপরাহ্ণ, ৩০/০৬/২৬

ঢাকার আশুলিয়ায় এক ব্যক্তির বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে বাসা মালিক গুরুতর জখম হয় বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (৩০ জুন) রাতে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ।

এর আগে ২৮ জুন রাত ৮টার দিকে আশুলিয়ার খেজুরটেক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী সামিউল আলম সৈকত বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- আশুলিয়ার হাটুভাঙ্গা এলাকার মতিউর রহমানের ছেলে আমিনুর রহমান (৩০), মো. মতিউর রহমান (৬০), আ. কাদের (৬০), আবুল কালাম আজাদ (৪৫), রুহুল আমিন দূর্জয় (৩০) ও শফিকুল ইসলামসহ (৪৮)সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জন। অভিযোগে তাদের কয়েকজনকে বিগত সরকারের আমলের স্থানীয় রাজনৈতিক নেতা ও সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজনৈতিক পূর্বশত্রুতার জেরে গত ২৮ জুন রাত ৮টার দিকে অভিযুক্তরা রামদা, চাইনিজ কুড়াল, হাতুড়ি ও শাবলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আশুলিয়ার খেজুরটেক এলাকায় ভুক্তভোগী সৈকতের বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে দোকান ও বসতঘরে ব্যাপক ভাঙচুর করে। এ সময় টিভি, ফ্রিজ ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৪ লাখ টাকার ক্ষতিসাধন করা হয় বলে অভিযোগে দাবি করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলা চলাকালে বাঁধা দিতে গেলে অভিযুক্ত আমিনুর তার হাতে থাকা রামদা দিয়ে সৈকতকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সৈকত মাটিতে পড়ে গেলে রামদার কোপ তার বাম পায়ে লাগে এবং তিনি গুরুতর জখম হন। ছেলেকে বাঁচাতে তার মা শাহানা বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে নগদ ৯০ হাজার টাকা এবং প্রায় সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী সামিউল আলম সৈকত বলেন, আমি এবং আমার পরিবার রাজনৈতিকভাবে বিএনপির সমর্থক। বিগত সরকারের আমলেও রাজনৈতিক আক্রোশে তারা আমাদের বাড়িতে একাধিকবার হামলা ও অগ্নিসংযোগ করেছিল। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা আবারও খোলস পাল্টে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

এ ঘটনায় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ জানান, বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সর্বশেষ