ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ০২ গ্রাম হেরোইন, ২৫ গ্রাম গাঁজা ও ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (২৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ।
এর আগে রবিবার (২৮ জুন) রাত সোয়া ১০টার দিকে আশুলিয়ার পানধোয়া ও সোমবার ভোররাত সোয়া ৩টার দিকে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আশুলিয়ার পানধোয়া তাজুর গলি এলাকার মৃত আবু তাহেরের ছেলে মোঃ লিটন মিয়া (৪০), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার নবুরকান্দি এলাকার নাসির আহমেদের ছেলে মীর নাজমুল ইসলাম (২৯) এবং গাজীপুর জেলার জয়দেবপুর থানার হাড়িনাল এলাকার নুরুল ইসলামের ছেলে মোঃ ইমরান (৩০)। বর্তমানে মীর নাজমুল ইসলাম আশুলিয়ার ডেন্ডাবর কাঠালবাগান এলাকায় হেমায়েত ইঞ্জিনিয়ারের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে বলে জানা যায়।
পুলিশ জানায়, রবিবার রাত সোয়া ১০টা আশুলিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার পানধোয়া এলাকায় ইউপি মেম্বার আনোয়ার হোসেন রানার অফিস সংলগ্ন তাজুর গলিতে অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ লিটন মিয়া ও মীর নাজমুল ইসলামকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২ গ্রাম ওজনের ২০ পুড়িয়া হেরোইন এবং ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এরপরে সোমবার ভোররাত সোয়া ৩টার দিকে আশুলিয়ার জিরানী বাজার এলাকার অভিযান চালিয়ে সিরাজগঞ্জ হোটেলের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ ইমরান নামের এক মাদক কারবারিকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মাদকমুক্ত ও অপরাধ নির্মূলে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।