সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
এর আগে বুধবার (১৩ মে) রাত থেকে বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বাগেরহাট জেলার সদর থানার কান্দাপাড়া এলাকার জুয়েল হাওলাদারের ছেলে মোঃ ইয়ামিন ইসলাম রাজ (২৩), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার জামুরকান্দি এলাকার শফিক ইসলামের ছেলে মোঃ আদর মৃধা ওরফে মতিউর (৩০), মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়ার চর এলাকার মৃত ছদর মোল্লার ছেলে জুলহাস (৩৮) ও সিরাজগঞ্জ জেলার সদর থানার রুপসা এলাকার কামরুল ইসলামের ছেলে রাকিব (২৫) ও আশুলিয়া থানার শ্রীপুর কন্ডা এলাকার ফজলুল হকের ছেলে মর্তুজা আহম্মেদ রায়হান (২০)।
ডিবি পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫৬ পিস ইয়াবাসহ ইয়ামিন ইসলাম রাজ ও আদর মৃধাকে গ্রেপ্তার করা হয়। এরপরে রাত সাড়ে ৯টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় অপর এক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ জুলহাস ও রাকিব নামের দুইজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের আরেকটি দল।
এদিকে বৃহস্পতিবার ভোররাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মর্তুজা আহম্মেদ রায়হানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ইয়ামিন ইসলাম রাজের বিরুদ্ধে পূর্বের ২টি এবং জুলহাসের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।