সাভারে হিজড়া সম্প্রদায় ও হকার্সদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সুমী নামের এক হিজড়ার অবস্থা গুরুত্বর। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুুপুরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারধর করার অভিযোগ তুলে ১০/১২ জন হিজড়া একত্রিত হয়ে ফুটপাতের এক হকারের ওপর হামলা চালিয়ে দোকানের ছাড়নি উপড়ে ফেলে। এ সময় কয়েকজন হকার বাধা দিলে হিজড়ারা তাদের ওপর চড়াও হয়। এ সময় এক হকারকে মারতে মারতে অলি কোম্পানির অফিসের পাশ দিয়ে জাতীয় অন্ধকল্যান সংস্থা মার্কেটের দিকে নিয়ে যায় ও তার পরিধানের জামাকাপড় ছিড়ে ফেলে।
এক পর্যায়ে হকাররা হিজড়াদের এলোপাথারি মারধর শুরু করেন। পরে হকারদের মার খেয়ে হিজড়াগন দৌড়ে সাভার নিউ মার্কেটের দিকে যেতে থাকলে ওভারব্রীজের কাছে সুমি নামের এক হিজড়া মাটিতে পড়ে যায়। এবং হকারদের ইট-পাটকেলের আঘাতে গুরুত্বর আহত হয়। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পরেই পুলিশ ফুটপাত থেকে দোকান পাঠ উঠিয়ে দেয়।
সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কেউ অভিযোগ নিয়ে থানায় আসেননি।