ঢাকার আশুলিয়ায় পৃতকস্থানে অভিযান চালিয়ে ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ২০০ পুড়িয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (৩০ জানুয়ারী) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে ও রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ইসলাম নগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- আশুলিয়ার শেরআলী মার্কেট এলাকার মৃত শাহ আলমের ছেলে সাদ্দাম হোসেন (৪৬) ও আশুলিয়ার ইসলাম নগর এলাকার আবুল কালাম আজাদের ছেলে আতিকুর রহমান (৪২)। এদের মধ্যে সাদ্দাম হোসেন নামের ৩টি ও আতিকুর রহমানের নামের অন্তত ১টি মাদক মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার গাজীরচট এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল উক্তস্থানে অভিযান চালিয়ে ২০০ পুড়িয়া হেরোইনসহ সাদ্দাম হোসেন নামের এক পেশাদার মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়।
অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অন্য একটি আভিযানিক দল আশুলিয়ার ইসলাম নগর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ আতিকুর রহমান নামে আরও এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের নামে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।