সাভারে রহমান ডায়াগনস্টিক সেন্টারের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় ভবনটির আন্ডারগ্রাউন্ডে থাকা কাপড়ের দোকানগুলোতে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে হঠাৎ আগুন দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে হেমায়েতপুর ট্যানারি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৩টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় ডাম্পিং করে আগুনের সব উৎস নিভিয়ে ফেলে।
হেমায়েতপুর ট্যানারি ফায়ার স্টেশনের স্টেশন ম্যানেজার তানভীর আহমেদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে আগুনের খবর পেয়ে আমরা দুই ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। ভবনটির আন্ডারগ্রাউন্ডে থাকা তিনটি কাপড়ের দোকান আগুনে পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় হাসপাতালের উপরের তলা ও ডায়াগনস্টিক সেন্টার ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।
তিনি আরও জানান, এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের কোনো একটি দোকান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।