সাভারে নিখোঁজের ১১ দিন পর রাব্বি (২৩) নামের এক অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সাভার মডেল থানাধীন উত্তর কলমা এলাকার স্ট্রবেরি বাগান সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাব্বি (২৩) উত্তর কলমা এলাকার মৃত সবজেল খানের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে উত্তর কলমা এলাকায় দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা জঙ্গলে গিয়ে একটি বস্তা দেখতে পায়। কাছে গিয়ে তারা অর্ধগলিত মরদেহ দেখতে পেলে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে গত ১৯ অক্টোবর রাব্বি নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর খাঁন বলেন, ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ বস্তাবন্দি করে জঙ্গলে ফেলা হয়েছে।