মৃত স্বামীর সম্পদের প্রাপ্য অংশ বুঝে পেতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে ঢাকার আদালতে মামলা করেছেন মৃত হায়দার হোসেন মল্লিকের দ্বিতীয় স্ত্রী নাজমা বেগম।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালতে বাদী হয়ে তিনি এ মামলা দায়ের করেন। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন— মৃত হায়দার হোসেনের মেয়ে সামান্তা হায়দার, তার স্বামী মো. হারুন, ভাবি শিউলি এবং ভাতিজা সায়েক মাহমুদ রাইয়ান।
বাদীপক্ষের আইনজীবী ইসফাকুর রহমান গালিব বলেন, প্রায় ৯ বছর আগে নাজমা বেগমের স্বামী মারা যান। কিন্তু এতদিনেও তিনি প্রাপ্য সম্পত্তি পাননি। ইসলামি শরিয়ত অনুযায়ী বিধবা মুসলিম নারী মৃত স্বামীর সম্পত্তির একটি অংশ পাওয়ার অধিকারী। এ অধিকার খর্ব করা শুধু আইনত অপরাধ নয়, ধর্মীয়ভাবেও চরম পাপ।
মামলার সূত্রে জানা গেছে, ২০১০ সালে পারিবারিকভাবে হায়দার হোসেন মল্লিকের সঙ্গে নাজমা বেগমের বিয়ে হয়। তারা একসঙ্গে সাভারের বাড়িতে বসবাস করতেন। ২০১৭ সালে হায়দার মারা গেলে অন্যান্য ওয়ারিশরা তাকে ঘর থেকে বের করে দেন। পরে জালিয়াতির মাধ্যমে তার প্রাপ্য সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়।