ঢাকার সাভারে অভিযান চালিয়ে চোলাই মদ সহ আবুল কাশেম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের ভার্কুতা ইউনিয়নের আউয়াল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আবুল কাশেম (৪২) ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন উত্তর বাহিরচর এলাকার আলী আহম্মেদের ছেলে।
ডিবি পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি ভার্কুতা ইউনিয়নের আউয়াল মার্কেট এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাই মদসহ আবুল কাশেম (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ও কেরানীগঞ্জ মডেল থানায় দুইটি মাদক মামলাসহ অন্তত ৩টি মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।