বাংলাদেশে আগে বেকারত্বের হার ছিল ২০ শতাংশ, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশ—এমন তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সাভারের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে ১৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম এসময় বলেন, বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধির অনেকগুলো কারণ রয়েছে। বিভিন্ন ধরণের দুর্নীতি, ব্যাংকের ঋণ ঘাটতিসহ নানা কারণে বেকারত্ব বাড়ছে। তবে বেকারত্ব দূরীকরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে সারা দেশে ৭১টি ট্রেনিং সেন্টার রয়েছে, যেখানে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানে যুক্ত করতে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গ্রেড (১) ড. গাজী সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনু বিভাগের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়ের হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) এম এ আখের, যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক কৃষিবিদ সেলিম খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই মাসব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের প্রায় ৩০ জন কর্মকর্তা অংশ নেন।