ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে সুরুজ মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বাইপাইল বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুরুজ মিয়া গাজীপুর জেলার কাশিমপুর থানার ছোট গৌবিন্দপুর এলাকার মৃত আরশাদ আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল বাগানবাড়ি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।