সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সাভার পৌর এলাকার ছায়াবীথির নিজ বাসভবনে এ সহায়তা প্রদান করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভা মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
আর্থিক সহায়তা প্রদানকালে বিএনপি নেতা খোরশেদ আলম বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছিলেন। শক্ত হাতে দুর্নীতি, চুরি ও ডাকাতি দমন করেছিলেন। দল হিসেবে বিএনপি দেশের জন্য সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম। আগামীতে বিএনপি সেই ঐতিহাসিক দায়িত্ব আরও সুদৃঢ়ভাবে পালন করবে।
তিনি আরও বলেন, এক সময় সাভারে বিএনপি করার মতো লোক ছিল না। আজ বিএনপির নির্যাতিত কর্মীরা এবং সাধারণ মানুষ আমার সঙ্গেই রয়েছেন। আমি মানুষের কথা ভাবি এবং তাদের সাথে নিয়ে সাভার পৌরসভাকে একটি পরিকল্পিত ও সুন্দর পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর বাবুল। এ সময় পৌর কাউন্সিলর প্রার্থী, ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, পৌর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীসহ অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।