সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় ৪৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডাইরেক্টর মিজানুর রহমান রাজু।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির তদন্ত করে ৫১ জন ছাত্রকে সনাক্ত করেন। পরবর্তীতে সেই তালিকা থেকে ৮জনকে বাদ দেওয়া হয়।
তিনি আরও বলেন, ইতিমধ্যে সকল শিক্ষার্থীকে বহিষ্কারের নোটিশ প্রেরণ করা হয়েছে। তবে এদের মধ্যে একটি অংশ আপিল করেছে, এ ক্ষেত্রে এর সংখ্যা কমতে পারে। কারণ বিশ্ববিদ্যালয়ের কাজ তো শাস্তি দেওয়া নয়, বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে কারেকশন। সেদিক থেকে একজন ছাত্র বাদ যাওয়াও আমাদের জন্য দুঃখজনক।
বহিষ্কারকৃতদের মধ্যে কম্পিউটার সাইন্স ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্রসংখ্যা সবচেয়ে বেশি বলেও তিনি জানান।
প্রসঙ্গত যে, গত ৫ নভেম্বর রাতে আশুলিয়ার চাঁনগাও এলাকায় ইউনিভার্সিটির শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনার জেরে ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।