সরকার কতৃক সদ্য ঘোষিত গার্মেন্টস কর্মীদের নতুন মজুরি কাঠামোর প্রেক্ষিতে বাড়ী ভাড়া বৃদ্ধির আশংকা নিরসনের লক্ষে বাড়ীর মালিকদের সাথে বাড়ী ভাড়া সংক্রান্তে মত বিনিময় সভা করেছে শিল্প পুলিশ।
বরিবার (২৬ নভেম্বর) বিকাল ৪ টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকার ধানমন্ডি রোটারি ক্লাব বালিকা বিদ্যালয়ের মাঠে শিল্প পুলিশ-১ এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাড়ি ভাড়া বৃদ্ধির আশংকা নিরসন কল্পে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বাড়ির মালিক, গার্মেন্টস শ্রমিক এবং এলাকার সচেতন নাগরিকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মোঃ আবজাল হোসেনের সভাপতিত্বে এ সময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।
এ সময় প্রধান আলোচক তার বক্তব্যে আশুলিয়া শিল্প এলাকার মালিক ও শ্রমিকদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে।
এসময় তিনি বলেন- সরকার অতি সম্প্রতি গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরী ঘোষণা করে।এই সুযোগে কিছু গার্মেন্টস শ্রমিকদের বাড়ি ভাড়া ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে ।
প্রধান আলোচক তার আলোচনায় বাড়ির মালিকদের বর্তমান পরিস্থিতিতে গার্মেন্টস শ্রমিকদের বাড়ি ভাড়া বৃদ্ধি না করার জন্য অনুরোধ জানান এবং উক্ত স্বার্থান্বেষী মহলের চক্রান্তকে নস্যাৎ করে দিতে পুলিশ প্রশাসনের পাশে এসে দাঁড়ানোর অনুরোধ জানান।
এসময় স্থানীয় বাড়ির মালিকগণ তার আহবানে সাড়া দেন এবং বাড়ি ভাড়া না বাড়ানোর প্রতিশ্রুতি প্রদান করেন। একই সাথে ভবিষ্যতে যেকোন শ্রমিক অসন্তোষকালে গঠনমূলক ভূমিকা রাখা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি, আশুলিয়া থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মিজানুর রহমান। এছাড়াও বাড়ির মালিক, শ্রমিক ও ভাড়াটিয়া সহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।