সাভারের মজিদপুরে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তাদের নিকট থেকে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়।
রবিবার (২৬ নভেম্বর) সকালে সাভারের মজিদপুর কাঁঠালবাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা নাগর হোসেন (২৮) ও গাজীপুর জেলার বাসিন্দা জুয়েল মোল্লা (৩৭)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে র্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভারের মজিদপুর কাঁঠালবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। সেই সাথে মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাই সহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।