সাভারে এসএসসি পরীক্ষার্থী ১৩১২১, অনুপস্থিত ১১৫

আগের সংবাদ

রায়পুরায় বাসচাপায় প্রাণ গেল মা-মেয়ের

পরের সংবাদ

আশুলিয়ায় কোটি টাকার ইন্টারনেট সরঞ্জাম লুট, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:৩৩ অপরাহ্ণ, ০২/০৫/২৩

ঢাকার আশুলিয়ায় জোরপূর্বক ইন্টারনেট ব্যবসা দখলে নিতে সন্ত্রাসী হামলা চালিয়ে মারধরসহ প্রায় কোটি টাকার সরঞ্জাম লুটপাটের মামলায় কালা জাহাঙ্গীর ও শ্রাবণ নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে টঙ্গাবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে কালা জাহাঙ্গীর ও সোমবার (১ মে) সকালে একই এলাকার তালুকদার পাম্পের সামনে থেকে শ্রাবণকে গ্রেপ্তার করেন আশুলিয়া থানা পুলিশ।

এদিকে, আসামি গ্রেপ্তারের পর থানার সামনে মামলার বাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এছাড়া আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের ছেলে সোহান মাদবর মামলার বাদী মিলন মোল্লাকে হুমকি ধামকি দেওয়া অব্যাহত রেখেছে।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ওরফে কালা জাহাঙ্গীর (২৭) টঙ্গাবাড়ি এলাকার আব্দুল বারেকের ছেলে ও শ্রাবণ (২৫) কুরবান আলীর ছেলে। তারা আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের ছেলে সোহান মাদবরের অনুসারী ও চেয়ারম্যান পুত্রের পরিচালিত অনুমোদনহীন এসএম নেটওয়ার্কের কর্মচারী বলে জানা গেছে।

সোমবার (১লা মে) দুপুরে শ্রাবনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই আফজালুল হক এবং জাহাঙ্গীরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন থানার এএসআই নুরুল ইসলাম।

এদিকে গত রোববার দুপুরে কালা জাহাঙ্গীরের গ্রেপ্তারের খবর শুনে তা নিশ্চিত হতে মামলার বাদী স্পিড নেটের স্বত্বাধিকারী মিলন মোল্লা ওইদিন বিকেলে থানায় গেলে থানার সামনেই তার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

মামলার বাদী স্পিড নেটের স্বত্বাধিকারী মিলন মোল্লা বলেন, আসামী গ্রেপ্তারের পর থেকে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরের ছেলে সোহান মাদবর মোবাইল ফোনে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আর রোববার বিকেলে আসামী গ্রেপ্তারের বিষয়টি জানার জন্য থানায় গেলে থানার সামনে একটি গাড়ি থেকে অজ্ঞাত তিন ব্যক্তি নেমে এসে আমাকে চর-থাপ্পর দিয়ে সাথে থাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমি খুব আতঙ্কে আছি। জিডি করতে থানায় যেতেও ভয় পাচ্ছি। জাহাঙ্গীর, শ্রাবণসহ অনেক ছেলেদের দিয়ে চেয়ারম্যান পুত্র সোহান মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ অপরাধ মূলক সব কাজ করায়। এরা এলাকার আতঙ্ক তৈরি করেছে।

উল্লেখ্য, গত কয়েক মাস আগে আশুলিয়া ইউনিয়নের এশিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে সংযোগের মেরামত কাজ করছিলেন স্পিড নেট নামের এক প্রতিষ্ঠানের কর্মচারীরা। এসময় ওই প্রতিষ্ঠানের আতিক নামের এক কর্মচারীকে মারধর করে অপটিক্যাল ফাইবার মেশিন ও তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী এক বাউন্ডারীর ভিতরে আটকে রেখে রড দিয়ে বেধড়ক পেটায় এসএম নেটওয়ার্কের সন্ত্রাসীরা। এ ঘটনায় মিলন মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন।