আশুলিয়ায় হেরোইন ও ইয়াবা সহ রতন আলী (৩৬) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে ১০৭ পুড়িয়া হেরোইন ও ১৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।
এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার এসএ পরিবহনের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রতন আলী (৩৬) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বৈরাগিরচর এলাকার বাবর আলী সরদারের ছেলে। সে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় বাসা ভাড়া থেকে মাদক ব্যবসা করতো বলে জানা যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, মঙ্গলবার রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল এলাকার এসএ পরিবহনের সামনে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে অভিযান চালিয়ে রতনকে আটক করা হয়। এ সময় তার নিকট তল্লাশী চালিয়ে ১০৭ পুড়িয়া হেরোইন ও ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক রতনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান থানা পুলিশের এই অফিসার।