আশুলিয়ায় ৪টি শ্রমিক কলোনিতে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় ওই কলোনি গুলোর ৬০-৭০ কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বুধাবর সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া বেরন এলাকার আব্বাস মার্কেটের পিছনে মনির হোসেন ও আলম হোসেনের মালাকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দের ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানায়, প্রথমে একটি কলোনিতে আগুনের সূত্রপাত ঘটে৷ পরে ধীরে ধীরে পাশে থাকা বাকি কলোনি গুলোতে আগুন লাগতে শুরু করে। এখানে ৪টি কলোনির প্রায় সব কক্ষগুলোই পুড়ে গেছে।
এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দের ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো নিশ্চিত করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অন্যদিকে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার শ্রীপুরের সুবন্ধী এলাকার ওয়াক আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও অন্তত ১০টি কক্ষ পুড়ে যায়।