নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে হানিফ পরিবহনের সেই ঘাতক ড্রাইভার ইয়ার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকায় দিকে (রবিবার, ১৬ জুন) তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বাসের ধাক্কায় বাঙলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র মিন্টু মোল্লার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ১৫ তারিখ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সাধারন জনগণ। ওই মানববন্ধনে ঘাতক বাস চালককে গ্রেপ্তারের ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ এর নির্দেশে উপ-পরিদর্শক প্রাণ কৃষ্ণ এর নেতৃত্বে মাত্র আট ঘণ্টার মধ্যে চালককে গ্রেপ্তার করা হলো।
উল্লেখ্য যে, গত শুক্রবার (১৪ জুন) দুপুরে রাজধানীর মিরপুর সরকারী বাঙলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র মিন্টু মোল্লাকে মোটর সাইকেলযোগে ঢাকা যাওয়ার পথে সাভারের বলিয়াপুর এলাকায় পৌঁছলে উল্টোদিক দিয়ে আসা হানিফ পরিবহনের একটি দূরপাল্লার বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় মিন্টু মোল্লা এবং গুরুতর আহত হয় তার সাথে থাকা সাজু মিয়া।