অপরাধ দমন, মামলার তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কাজের স্বীকৃতি হিসেবে আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম (সেবা)।
বুধবার (১৯ আগস্ট) ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় জুলাই ২০২৬ মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে তরিকুল ইসলামকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
এর আগে মে মাসের পারফরম্যান্স মূল্যায়নেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
এদিকে মাদকের বিরুদ্ধে তার কঠোর অবস্থানসহ আশুলিয়া থানাধীন এলাকার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ কাজ করায় আশুলিয়া বাসির প্রশংসায় ভাসছেন পুলিশের এই কর্মকর্তা। শুধু তাই নয় পরপর দুই দফায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আশুলিয়া থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ অর্জন আমার একার নয়, থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অর্জন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আগামীতে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।