ঢাকার আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে এবং আইনানুগ পাওনাদির দাবিতে একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে লুসাকা গ্রুপের শ্রমিকরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া পুকুরপাড় এলাকায় অবরোধ করেন তারা।
এ সময় শ্রমিকরা প্রায় আধাঘন্টা মত সময় ওই সড়কটি অবরোধ করে রাখেন এবং কারখানার দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে কারখানার কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয় বলে জানা যায়।
শ্রমিকদের দাবি, তাদের ১৪০জন শ্রমিককে অবৈধ সাময়িক বহিষ্কার করা হয়েছে। শ্রমিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে অথবা তাদের আইনানুগ ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।
এ বিষয়ে ওই কারখানার অপারেটর মোঃ রাশেদ জানান, যদি আমাদেরকে ছাটাই করা হয়। তাহলে আমাদের আইনানুগ পাওনাদি বুঝিয়ে দেয়া হোক। এটাই আমাদের দাবি।
কারখানা কতৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে কারখানার শ্রমিকরা ওই কারখানার সিনিয়র কর্মকর্তাদের আটকে রাখে এবং তাদের শরীরে আঘাত করে। সেই ঘটনার প্রেক্ষিতে তাদেরকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আইনানুগ পাওনাদি বুঝিয়ে দেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রুপ সুপারভাইজার জানান, কারখানা ভাংচুর এবং সিনিয়র অফিসারদের ওপর হামলা ঘটনায় ১৪০জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আইনানুসারে তারা যদি কোন পাওনাদি থাকে, পরবর্তীতে তাদেরকে বুঝিয়ে দেয়া হবে।
শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) সৈয়দ ফয়সল ইসলাম জানান, সকালে সড়ক অবরোধের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেয়া হয়। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।